পঞ্চগড়ে সেনা অভিযানে অনলাইন জুয়ার মূল হোতা সাত্তার আটক
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে অপারেশন শুরু করেছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে আটক করেছে সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে জেলা শহরের রওশনাবাগ এলাকায় সেনাবাহিনী অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল একটি ল্যাপটপ জব্দ করা হয়।
এছাড়া তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান। আটক আব্দুস সাত্তার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউপির শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক যুবক সাত্তার স্ত্রী সন্তান ও শ্যালককে নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হত না সাত্তারের পরিবারের কেউ। গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সাথে জড়িত বলে জানায় তারা। এতে প্রতি মাসে আয় হতো এক লাখ টাকা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, প্রকাশ্য জুয়া আইন ১৯৭৪ এর চার ধারায় আব্দুর সাত্তার নামে এই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলা শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অনলাইন জুয়ার আসর বসে। আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করেছি। পরে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। #



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































